এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর সাকিব আল হাসান নানাদিক দিয়ে বিতর্কে পড়েছেন। তবে আপাতত সবচেয়ে বড় খবর যে বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডারের জন্য ব্যক্তিগত ‘গানম্যান’ নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তার সঙ্গে অস্ত্রসহ একজন নিরাপত্তাকর্মীকে সারাক্ষণ দেখা গেছে। বিসিবির ত্বরিত উদ্যোগে ব্যবস্থা হয়েছে।
‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক।’ গতকাল বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমে সাকিবের জন্য নিরপাত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথা জানালেন, ‘এমন কোনো ধরনের বিষয় কখনো কাক্সিক্ষত হতে পারে না। আমরা জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সংশ্লিষ্ট যারা তাদের বলেছি। তারাও যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিচ্ছে।’ সিলেটে সম্প্রতি মহসিন তালুকদার নামের এক ব্যক্তি ফেইসবুক লাইভে দা উঁচিয়ে সাকিবকে খুন করার হুমকি দিয়েছিলেন। তার জেরে এই ব্যবস্থা। পরে ক্ষমা চাওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গেল সপ্তাহে সাকিব দেশে ফেরার পর থেকে যেসব বিতর্ক বা সমালোচনায় তার নাম জড়িয়ে পড়েছে তা নিয়ে মাথাব্যথা নেই বিসিবির। অন্তত তাদের ভাবসাবে তাই ধরতে হয়। সাকিব বিশ্বের অন্যতম সেরা পারফরমার। প্রস্তুতিটা ঠিক মতো নিয়ে টি-টোয়েন্টি আসরটা খেলে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে তার ভেলকি দেখতে চায় বোর্ড। উইন্ডিজ আসবে তিন টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির সিরিজ খেলতে। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে কদিন আগে প্রিয় হোম অব ক্রিকেটে ফিরেছেন সাকিব। এবার হাতের তালুর মতো চেনা সবুজ ঘাস-মাটিতে ব্যাট বল হাতে প্রতিযোগিতায় নামার প্রহর গুনছেন। আর তিনি যে চরিত্রের মানুষ তাতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে স্কিলের কোনো কিছুতে দুর্বলতা রাখবেন না নিশ্চিত। নিজেকে যে গেল এক বছরের বেদনা-যন্ত্রণা-কষ্ট-আক্ষেপ-হাহাকার ঘুচিয়ে আরও অনেক উচ্চতায় নিয়ে যেতে হবে। সব বদনাম মুছে দিয়ে।
মানুষটা সাকিব। কীভাবে যেন তার সঙ্গে সব ঠিক হয়ে যায়। সাকিব নিজেও পরিকল্পনার বাইরে কম যান সেটা বিসিবি জানে বলেই সিইও নিজাম উদ্দিন সাম্প্রতিক বিতর্ক-সমালোচনা প্রসঙ্গ এলে বলছিলেন, ‘আসলে আপনারা জানেন যে আমাদের টুর্নামেন্টের সময় নির্দিষ্ট বিধিনিষেধ থাকে। এখন একটা নতুন বিষয় যোগ হয়েছে।’ জৈব সুরক্ষার মধ্যে ঢুকে পড়ার আগে কভিড-১৯ টেস্টে ‘নেগেটিভ’ সার্টিফিকেট নিয়ে সাকিব তার রিল্যাক্স টাইমটাই ব্যবহার করেছেন তাহলে!
২০ নভেম্বর থেকে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি আসরের বাবলে ঢুকবেন। বেরুবেন টুর্নামেন্ট শেষে ডিসেম্বরের ১৮ বা ১৯ তারিখে। টুর্নামেন্ট শুরু ২৪ নভেম্বর। সাকিবের খেলা আছে প্রথম রাতেই। এসব বিবেচনা করে সাকিবের ব্যাপারে মাথা ঘামানোর প্রয়োজন দেখলেন নিজামউদ্দিন। তার ব্যাখ্যার সুরে বলা কথাগুলো এমন, ‘বায়ো-বাবলের মধ্যে প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের থাকতে হয়। এই বিষয়টা সম্প্রতি প্রেসিডেন্টস কাপে আপনারা দেখেছেন। যেহেতু প্লেয়াররা এখন বিশ্রামে/ছুটিতে আছে। এরপর আবার যখন টুর্নামেন্টটা শুরু হবে তখন আমরা আবার বায়ো-বাবল পরিবেশ পরিস্থিতি রাখার ব্যবস্থা করব।’