আশুলিয়ায় নিজ কক্ষে গৃহবধূর লাশ

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে গতকাল বুধবার দুপুরে শিমলা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মো. রিয়াজকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

এর আগে ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়ার শিমুলতলা ফকিরবাড়ি এলাকায় নুরু ফকিরের ভাড়া বাসার শয়নকক্ষের বিছানায় শিমলার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তার মা।

শিমলা (১৮) পাবনা জেলার আমিনপুর বাজার থানার ঘুগছুলান্দা গ্রামের শিমুল শেখের মেয়ে। শিমলা ও তার ছোট বোন কথা আশুলিয়ার শিমুলতলা ফকিরবাড়ি মসজিদসংলগ্ন নুরু ফকিরের বাড়িতে মা মৌসুমী বেগমের সঙ্গে ভাড়া থাকতেন।

মৌসুমী বেগম জানান, একই ভাড়া বাসার একটি কক্ষে ছোট মেয়েকে নিয়ে থাকেন তিনি। পাশের কক্ষেই থাকতেন মেয়ে শিমলা ও জামাই রিয়াজ। মঙ্গলবার রাতে মেয়ে ও জামাই স্বাভাবিকভাবেই ঘুমাতে যায়। বুধবার ভোর পৌনে ৬টার দিকে কারখানায় যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন তিনি। এ সময় পাশের কক্ষে মেয়েকে ডাকতে গিয়ে দেখেন দরজা বাইরে থেকে সিটকিনি দেওয়া। আগে কখনোই এ সময় দরজা বাইরে থেকে সিটকিনি দেওয়া অবস্থায় তিনি দেখেননি। তাই বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় দরজা খুলে কক্ষের ভেতরে বিছানায় দুটো বালিশ মাথার নিচে দিয়ে শোয়া অবস্থায় দেখতে পান। এ সময় ডাকাডাকি করে সাড়া না পেয়ে শিমলার হাত-মুখে হাত দিলে অনেক ঠান্ডা অবস্থায় পান। এ সময় বালিশ থেকে শিমলার মাথা তুলতেই গলার একপাশে কালো দাগ এবং পায়েও জখমের চিহ্ন ছিল।