চবির ৫৪তম দিবস উদযাপন

জ্ঞান-গবেষণায় সমৃদ্ধ হতে হবে : উপাচার্য

উন্নত জাতি গঠনে বিশ্ববিদ্যালয়কে জ্ঞান-গবেষণায় সমৃদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। তিনি বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উন্নত বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কাতারে শামিল করতে জ্ঞান-গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার অধিকতর মানোন্নয়নের কোনো বিকল্প নেই। গতকাল বুধবার উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ‘৫৪তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন’ উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

‘দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সূচক উন্নীতকরণে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় উপাচার্য বলেন, যে জাতি জ্ঞান-গবেষণায় যত বেশি সমৃদ্ধ সে জাতি তত বেশি উন্নত। আর বিশ^বিদ্যালয় হলো জ্ঞান-গবেষণার উন্মুক্ত ক্ষেত্র। তাই উন্নত জাতি গঠনে বিশ্ববিদ্যালয়কে জ্ঞান-গবেষণায় আরও সমৃদ্ধ হতে হবে। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় দেশের অন্যতম উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।