কাতার যেতে পারলেন না জীবন

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ খেলতে বৃহস্পতিবার সকালে কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন।

হাঁটুর চোটে আবাহনী লিমিটেডের এই তারকা কাতার যেতে পারেননি।

নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পেয়েছিলেন জীবন। গত রাতে এমআরআই রিপোর্ট দেখে ডাক্তাররা বলেছেন এক সপ্তাহ বিশ্রাম লাগবে। আর চোট পুরো সারতে চার সপ্তাহ লেগে যেতে পারে।

এদিকে কাতারের বিপক্ষে ম্যাচ ৪ ডিসেম্বর। তাই কোনো ঝুঁকি নিতে চাননি জীবন, ‘ডাক্তাররা বলেছেন, এখন যদি এই হাঁটু নিয়ে খেলার ঝুঁকি নেই, তাহলে পরে অস্ত্রোপচার করা লাগবে।’

নেপালের বিপক্ষে দুই ম্যাচেই জীবন নিজেকে মেলে ধরেছেন। ২-০ গোলে জেতা প্রথম ম্যাচে দলের প্রথম গোলটি এসেছিল জীবনের পা থেকেই।

এদিকে বৃহস্পতিবার রাতে ডিফেন্ডার মনজুরুর রহমান মানিকের কভিড-১৯ পজিটিভ হওয়ার খবর মেলে। তাই জীবনের সঙ্গে মানিকও কাতারগামী বিমানে উঠতে পারেননি।

২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা হলেও ২৫ খেলোয়াড় নিয়ে কাতার গেছে বাংলাদেশ। করোনা আক্রান্ত দলের প্রধান কোচ জেমি ডেও দলের সঙ্গে যেতে পারেননি।

কাতার ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও প্রতিপক্ষ এখনো নিশ্চিত নয়।