চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল তুহিনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার ভোরে উপজেলার নিজামপুর কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সাবেক উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় গাড়ির কাচে তার পা কেটে যায়।
আব্দুল আউয়াল তুহিন অভিযোগ করেন, ‘বৃহস্পতিবার রাত ৩টার দিকে অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী ডোমখালী এলাকায় অবস্থিত আমার মৎস্য প্রকল্পে হত্যার উদ্দেশ্যে আমাকে খোঁজ করতে থাকে, না পেয়ে প্রকল্পে দায়িত্বরত কর্মচারীদের মারধর করে বেঁধে রাখে এবং আমি সেখানে যাওয়ার জন্য কর্মচারীদের ফোন দিতে বাধ্য করে। আমি ফোন পেয়েও না যাওয়ায় আধা ঘণ্টার মধ্যে সন্ত্রাসী দল আমার বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ সময় আমার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। আমি কোনোমতে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছি। এরপর বিষয়টি সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস ভাইকে জানানোর পর সকাল ৮টায় তিনি আমার বাড়িতে এলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার গাড়িতেও হামলা করে। এ সময় উনার পা কেটে গেছে’।
গিয়াস উদ্দিন বলেন, ‘মিরসরাই উপজেলা ছাত্রলীগ নেতা তুহিনের বাড়িতে হামলার কথা শুনে আমি দেখতে যাই। সেখানে আমার ওপর হামলা হয়। হামলার পর আমি মিরসরাই থানায় গিয়ে অভিযোগ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে আসি।’
এই বিষয়ে মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘নিজামপুরে একজনের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর শুনেছি। তবে এই বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।
সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘তিনি আমার সঙ্গে কথা বলে গেছেন থানায় এসে, কিন্তু মামলা করেননি। যে কেউ মামলা দিলে আমি মামলা অবশ্যই নেব’।