শান্তর নেতৃত্বে খেলবেন আশরাফুল

মিনিস্টার গ্রুপ রাজশাহীর নেতৃত্ব দেবেন কে? বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটের পর থেকেই সাধারণ দর্শকদের মনে এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। বর্তমান জাতীয় দলে খেলা খুব বড় তারকা তাদের দলটিতে নেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ছিলেন বলে তার ভক্তরা তাকেই নেতৃত্বে চাচ্ছিলেন।

বৃহস্পতিবার আসরে অংশ নিতে যাওয়া পাঁচ দলের অফিশিয়াল ফটো সেশনে রাজশাহীর প্রতিনিধি হিসেবে হাজির হন মোহাম্মদ আশরাফুল। তবে দলের নেতৃত্বে তিনি থাকছেন না। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলতে হবে আশরাফুলকে। সবশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপেও নেতৃত্বে ছিলেন শান্ত।

এদিকে রাজশাহীর অধিনায়কের নাম ঘোষণার মধ্যে দিয়ে পাঁচ দলের অধিনায়কই চূড়ান্ত হয়ে গেল।

জেমকন খুলনা প্রথম দল হিসেবে তাদের অধিনায়কের নাম জানায়। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন দলটির নেতৃত্বে। যে দলে সাকিব আল হাসানও ছিলেন। তাই দুজনের মধ্যে কাকে অধিনায়ক করা হয় সে নিয়েও সবার কৌতূহল ছিল।

বেক্সিমকো ঢাকা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে মুশফিকুর রহিমকে। ফরচুন বরিশালের নেতৃত্বে থাকছেন তামিম ইকবাল। আর গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

এদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হয়ে যাওয়া ফটো সেশনে মিনিস্টার গ্রুপ রাজশাহীর পক্ষে অংশ নেন মোহাম্মদ আশরাফুল, জেমকন খুলনার পক্ষে ইমরুল কায়েস, বেক্সিমকো ঢাকার পক্ষে রুবেল হোসেন, ফরচুন বরিশালের হয়ে তাসকিন আহমেদ, গাজী গ্রুপ চট্টগ্রামের পক্ষে মোস্তাফিজুর রহমান।

পাঁচ দলের এই করপোরেট লিগ মাঠে গড়াবে ২৪ নভেম্বর।

এক নজরে পাঁচ দলের অধিনায়ক-

জেমকন খুলনা:  মাহমুদউল্লাহ রিয়াদ

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম

ফরচুন বরিশাল: তামিম ইকবাল

মিনিস্টার গ্রুপ রাজশাহী: নাজমুল হোসেন শান্ত

গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন।