২০১৮ বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকে বাদ পড়েও এমন অবস্থায় পড়তে হয়নি। জোয়াকিম লো’র ওপরই আস্থা রেখেছিল জার্মান ফুটবল ফেডারেশন। কিন্তু পরশু বুধবার স্পেনের কাছে ৬-০ গোলের লজ্জাজনক হারে কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় চাপে পড়েছেন এই কোচ। ১৪ বছরে এই প্রথম ছাঁটাইয়ের শঙ্কায় পড়তে হচ্ছে।
গত ৮৯ বছরে স্পেনের কাছেই সবচেয়ে বাজে ও বড় ব্যবধানে হারের পর জার্মান সংবাদমাধ্যমজুড়েই লো’কে অব্যাহতির খবর বের হয়। দৈনিক দ্য বিল্ড তাদের শিরোনাম করেছে, ‘লো-কে এবার পদত্যাগ করতে বলা উচিত। ইউরোর সাত মাস আগে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনকে উত্তর খুঁজতে হবে যে সেই টুর্নামেন্টের জন্য লো সঠিক কোচ কি-না।’
লো অবশ্য নিজের চাকরি নিয়ে চিন্তিত নন, ‘এই প্রশ্ন অন্যদের করতে হবে। কারণ আমি এর উত্তর দিতে পারব না।’ তবে রিপোর্ট বলছে, বুধবার স্টাফদের নিয়ে আপৎকালীন মিটিং করেন লো। সেই সভায় জার্মান ফুটবল প্রেসিডেন্ট ফ্রিটজ কিলারও ছিলেন। তিনি এখনো লো’তেই আস্থা রাখছেন। ৬০ বছর বয়সী লো’র সঙ্গে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে জার্মানির। জার্মান ফুটবল প্রেসিডেন্টের পাশাপাশি পরিচালক অলিভার বিয়েরহফের সমর্থনও পাচ্ছেন লো।