অর্থ পাচার মামলা ফরিদপুরে পৌর কাউন্সিলর গ্রেপ্তার

প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে সিআইডির মামলায় ফরিদপুরের আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর শেখ মো. জলিলকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের রেলস্টেশন বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ।

শেখ জলিল শহরের লক্ষ্মীপুর মহল্লার মৃত শেখ মো. আলাউদ্দিনের ছেলে। তিনি ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচিত পৌর কাউন্সিলর। আগামী ১০ ডিসেম্বর হতে যাওয়া পৌরসভা নির্বাচনেও একই পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম জানান, সিআইডির চাহিদা অনুযায়ী অর্থ পাচার মামলায় শেখ জলিলকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। ফরিদপুর জেল থেকে জলিলকে ঢাকায় নিজেদের হেফাজতে নেবে সিআইডি।

গত ২৬ জুন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় অর্থ পাচারের অভিযোগে শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করছেন ডিএমপি পশ্চিমের সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তমকুমার বিশ্বাস।