ছাত্র ইউনিয়নের জাতীয় সম্মেলন শুরু

অসাম্প্রদায়িক ও বাম-প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র ইউনিয়ন গৌরব, সংগ্রাম, লড়াইয়ের ঐতিহ্যবাহী সংগঠন। দেশের প্রতিটি বড় অর্জনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এর নাম। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্যে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হয়।

সাংস্কৃতিক ইউনিয়নের পরিবেশনায় জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে আন্দোলনরত পাটকল ও চা শ্রমিকরা ছাত্র ইউনিয়নের সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন। পাটকল ও চা শ্রমিকরা বলেন, আমরা যখন চাকরি হারিয়ে দিশেহারা তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ছাত্র ইউনিয়নের কর্মীরা। পাটকল ও চা শ্রমিকরা রাষ্ট্রের কাছে সবচেয়ে অবহেলিত মানুষ। তাদের ন্যায্য মজুরির যে লড়াই, তাতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা সব সময় পাশে থেকেছে। ভবিষ্যতে ছাত্র-শ্রমিক ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ন্যায্য পাওনা আদায় করা হবে।

ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, বর্তমান সরকার আন্দোলন দমন করতে হামলা-মামলার আশ্রয় নিয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা যখন নারী নিপীড়নের বিরুদ্ধে লংমার্চ করলাম, সেখানেও বর্বর হামলা চালানো হলো। পাটকল শ্রমিকরা যখন তাদের দাবি নিয়ে রাস্তায় নামলেন তখন তাদের ওপরও হামলা হলো, জেলে ঢোকানো হলো। আবার সময় এসেছে এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর।