রাজধানীর উপকণ্ঠে সাভারে মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে সাভার সেনানিবাস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তাদের অভ্যর্থনা জানান সাভার সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল সাইফুল আবেদীন বলেন, ‘প্রিয় সাইক্লিস্টবৃন্দ আপনারা আজকে ইতিহাস গড়তে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ মহান উদ্যোগে সরাসরি অংশ নিতে পারা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ যাত্রাপথ সাইকেল চালিয়ে অতিক্রম করা বেশ দুঃসাহসিক এবং চ্যালেঞ্জিং ব্যাপার। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উদ্দীপনা দেখতে পেয়ে আমরা মুগ্ধ এবং অনুপ্রাণিত।’
আয়োজিত অনুষ্ঠানে সাভার সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।