দূতাবাস খুলছে ইসরায়েল-বাহরাইন, চালু হচ্ছে ফ্লাইটও

আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক স্বাভাবিক করার পর দূতাবাস খোলার বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল ও বাহরাইন। 

বুধবার বাহরাইনের কোনো প্রতিনিধির প্রথমবারের মতো ইসরায়েল সফর করে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল-জায়ানি।

ডেইলি সাবাহ জানায়, তেলআবিবে এক বৈঠকে দূতাবাস খোলার প্রতি সম্মত হন ইসরায়েল ও বাহরাইন। দুই দেশের মধ্যে শিগগির সরাসরি ফ্লাইটও চালু হচ্ছে।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, মানামায় একটি দূতাবাস খুলতে ইসরাইলের অনুরোধে বাহরাইন সম্মত হয়েছে। 

একইভাবে ইসরায়েলেও দূতাবাস খোলার জন্য বাইরাইনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

খুব দ্রুতই এ প্রক্রিয়া এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আবদুল লতিফ আল-জায়ানি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গবি আসকেনাজি ডিসেম্বরে মানামা সফর করবেন বলেও তিনি জানান।

অন্যদিকে গবি আসকেনাজি জানান, এ বছরের মধ্যেই দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়টিও জানান তিনি।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বছরের শেষ থেকেই বাহরাইনের নাগরিকরা ইসরায়েল ভ্রমণের জন্য অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু হচ্ছে।’

গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করে উপসাগরীয় আরব দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন।

এ দুই আরব দেশের পর সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল।