গান, আবৃত্তি আর কথামালায় স্মরণ করা হয়েছে সাহিত্যিক এবং ‘কালি ও কলম’ পত্রিকার সম্পাদক আবুল হাসনাতকে। গতকাল শুক্রবার রাত ৮টায় ছায়ানটের ইউটিউব চ্যানেলে যৌথভাবে স্মরণ আয়োজনটি নিবেদন করে ছায়ানট, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও নালন্দা।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন। তিনি বলেন, ‘হাসনাত আমাকে নানা সময় লিখতে বলেছে, আমার কাছে লেখা চেয়েছে। তার মধ্য দিয়ে আমার লেখার অভ্যাস গড়তে সহযোগিতা করেছে। আমার শ্রেষ্ঠ প্রবন্ধ বইটি তাকে উৎসর্গ করেছি। আবুল হাসনাতকে মহত্তম চরিত্রের অধিকারী বলে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’
নালন্দার পক্ষে বক্তব্য দেন সুমনা বিশ্বাস। তিনি বলেন, ‘আবুল হাসনাত ছিলেন সহজ মানুষ। যেকোনো বিষয়ে তাকে সহজেই বলতে পারতাম। তিনি কথা বলতেন কম, কাজ করতেন বেশি। এ করোনা দুঃসময়ে তিনি নালন্দার সহকর্মী এবং সব শিক্ষার্থীর ব্যাপারে নিয়মিত খোঁজ নিতেন।’
রবীন্দ্রসংগীতশিল্পী বুলবুল ইসলাম বলেন, ‘হাসনাত ভাই জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিন পরিষদের জন্মলগ্ন থেকে জড়িত। আমি এ সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে কাছ থেকে দেখেছি। হাসনাত ভাই চলে যাওয়ার পর বুঝতে পারছি, তিনি কতভাবে আমাদের সঙ্গে জড়িয়ে আছেন।’