গাড়ি পোড়ানোর ঘটনায় ‘ছবি দেখে’ বিএনপির ৩ জন গ্রেপ্তার

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের দিন রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে বিএনপির তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পল্টন থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু (২৮), পল্টন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিয়ন হক (৩০) এবং যুবদলকর্মী মো. আজাদ (২৮)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে পল্টনে গাড়ি পোড়ানোর ঘটনায় শনাক্ত করে শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, জিম বাবু গাড়িতে পেট্রোল ঢেলে দেয় এবং আরেকজন আগুন দেয়। এখানে ইমতিয়াজ নামে আরেকজন যুবদলকর্মী ছিল, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, তারা (বাবু, লিয়ন, আজাদ) একটি মিছিল থেকে বের হয়ে গাড়ি পুড়িয়েছিল। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, পুলিশ শনিবার গ্রেপ্তারের কথা বললেও লিয়নকে গত মঙ্গলবার তুলে নেওয়া হয়েছিল বলে বিএনপি অভিযোগ করেছে।