গোয়ালন্দ উপজেলা আ.লীগ সভাপতির করোনায় মৃত্যু

করোনাভাইরাসের সংক্রমণে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুজ্জামান মিয়া গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মারা গেছেন। তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ছেলে আলিফ হোসেন মিয়া এ তথ্য জানিয়েছেন।

স্বজনরা জানান, নুরুজ্জামানের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেন। তার করোনা পজিটিভ হলে বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে ৫ নভেম্বর তিনি রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য ১৭ নভেম্বর তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।