টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম, সাইফুজ্জামান, মোহাম্মদ মনিরুল ইসলাম, সারোয়ার হোসেন বাপ্পি, ওয়ারেস আল হারুনী, রেজাউল করিম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, করোনাকালীন আদালত বন্ধ থাকায় আমরা ছুটি কমিয়ে, কর্মদিবস বাড়িয়ে মামলাজট কমিয়ে এনে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব।