উত্তরাঞ্চলীয় তিগ্রে অঞ্চলের স্বাধীনতাকামী যোদ্ধাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দুটি শহর দখলের দাবি করেছে ইথিওপিয়ার সরকারি বাহিনী। গত শুক্রবার সরকারি এক বিবৃতিতে আক্সাম ও আদুয়া শহর দুটি দখলের দাবি করা হয় বলে জানিয়েছে বিবিসি।
দুই পক্ষের সংঘাত বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। তিগ্রে অঞ্চলে সামরিক অভিযানের সমর্থনে ইথিওপিয়ার রাজধানীতে সমাবেশও হয়েছে।
গত দুই সপ্তাহ ধরে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী তিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) পার্টির মধ্যে লড়াই চলছে। এ লড়াইয়ে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া অঞ্চলটি থেকে পালিয়ে প্রতিবেশী দেশ সুদানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে অনেকে। ওই অঞ্চলের এক সেনা ঘাঁটিতে হামলার জন্য প্রধানমন্ত্রী আবি আহমেদ টিপিএলএফ বাহিনীকে দায়ী করে তাদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিলে এই লড়াই শুরু হয়। শুক্রবার ইথিওপিয়ার সরকারি বিবৃতিতে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দুটি শহর দখলের দাবি করে বলা হয়, তাদের বাহিনী এবার অঞ্চলটির রাজধানী মেকেল্লে থেকে ১২০ কিলোমিটার উত্তরের শহর আদিগ্রাত অভিমুখে অগ্রসর হচ্ছে। টিপিএলএফ বাহিনীর প্রতি ইঙ্গিত করে ওই বিবৃতিতে বলা হয়, ‘জান্তাদের বহু যোদ্ধা আত্মসমর্পণ করেছে।’