দেশকে বর্তমান স্বৈরতান্ত্রিক সরকারের হাত থেকে মুক্ত করে বিএনপি ‘মুক্ত পরিবেশে’ দেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ‘এই বছর মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর বছর। আল্লাহ চাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি মুক্ত পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে। এটা আমাদের প্রার্থনা, এটা আমাদের আশা।’
তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমান সংকট হচ্ছে স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের লড়াই। বাংলাদেশের বর্তমান সংকট হচ্ছে মানুষের অধিকার না থাকা। বাংলাদেশের বর্তমান সংকট হচ্ছে সংবিধানকে অবজ্ঞা করা। এই সরকার সংবিধানকে ন্যূনতম শ্রদ্ধাবোধের মধ্যে রাখে না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এসকে সাদির সঞ্চালনায় এতে কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মেহেদী আহমেদ রুমী প্রমুখ বক্তব্য দেন।