ফরিদপুর পৌর নির্বাচন

সুষ্ঠু নির্বাচনে সহায়তা চাইলেন বিএনপির প্রার্থী

ফরিদপুর পৌরসভার আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য সাংবাদিকদের প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন বিএনপিদলীয় মেয়র প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভার ভোট।

গতকাল রবিবার দুপুরে শহরের ময়েজ মঞ্জিলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুন্দর আছে। তবে গত মঙ্গলবার যুবদলের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নয়জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পৌর নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগে আরও অজ্ঞাত ২১০ জনকে আসামি করে মামলা করা হয়। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে। শিগগিরই আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা করব।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ। এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাফর হোসেন বিশ্বাস, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।