গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ৪

রাজধানীর পান্থপথে রাস্তায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে তিতাসের তিন কর্মচারীসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে পান্থপথ হামদর্দ ল্যাবরেটরির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। দগ্ধরা হলেন- তিতাসের দক্ষিণ জোনের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার টেকনিশিয়ান আব্দুল্লাহ (৫০), ডে লেবার মো. আজিম (৩২) ও রুহুল আমিন (৪০), পথচারী কাজী জাফর (৩৬)।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, বিস্ফোরণে দগ্ধ ৪ জনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে আব্দুল্লাহ ও রুহুল আমিন চলে গেছেন। আজিমের শরীরের ৩০ শতাংশ এবং জাফরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছে।