বুড়িমারীতে জুয়েলকে পুড়িয়ে হত্যায় গ্রেপ্তার আরও ২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন– পাটগ্রামের উফারমারা সোনারভিটা এলাকার জিএম মানিক (৪৫) ও আউলিয়ারহাট কামাতপাড়া এলাকার আব্দুর রাজ্জাক বাবলা (২৬)।  গত রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় করা তিন মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হলো।

জুয়েল ও মানিককে সোমবার সকালে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-৩) আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা  গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি ওমর ফারুক। 

এদিকে গত শনিবার গ্রেপ্তার আবু কালাম ওরফে গামছা কালামের (২৯) ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানি আগামী বুধবার হবে বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার রাসেল ইসলাম রাজ ওরফে বিশু (২২) বর্তমানে ৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। জুয়েল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মাহমুদুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী কেন্দ্রীয় বাজার জামে মসজিদে ধর্ম অবমাননার অভিযোগে জুয়েল ও তার সঙ্গী একই এলাকার সুলতান রুবায়াত সুমনকে গণপিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে আটকিয়ে রাখেন স্থানীয়রা। পরে সন্ধ্যায় ইউপি ভবন ভেঙে প্রশাসনের উপস্থিতিতে জzয়েলকে পিটিয়ে হত্যা করে মরদেহ আগুনে পুড়িয়ে ছাই করে স্থানীয়রা। এ সময় পাথরের আঘাতে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তসহ ১০ পুলিশ সদস্য আহত হন। পুলিশ জzয়েলের সঙ্গী রুবায়াত সুমনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।