দুর্ঘটনার কবলে দেব

ভারতের চন্দ্রকোণা রোডের প্রয়াগ ফিল্ম সিটিতে ‘কমান্ডো’ ছবির শুটিংয়ের জন্য গিয়েছিলেন দেব। শুটিং স্পটে বিভিন্ন প্রয়োজনে একাধিক গাড়ি রাখা হয়। তেমনই একটি গাড়ি পথ দুর্ঘটনার কবলে পড়ে। শুটিং স্পটের গাড়ি দেখেই হইচই পড়ে যায়। অনেকে জানতে চান, এই গাড়িতেই দেব শুটিংয়ে গিয়েছিলেন কি না। কিন্তু জানা যায়, এমন কিছুই নয়। শুটিং হোক বা অন্য কোনও কাজ, দেব নিজের গাড়িতেই যাতায়াত করেন।

জানা গিয়েছে, শুটিংয়ের কাজে ব্যবহৃত গাড়িটি ডুকির কাছে আসলে তিন চাকার একটি ইঞ্জিন ভ্যান তাতে ধাক্কা মারে। গাড়ির খুবই সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রয়াগ ফিল্ম সিটির বর্তমান ম্যানেজার আনন্দ মুখোপাধ্যায় জানিয়েছেন, ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটেছে। তবে কারও কোনও ক্ষতি হয়নি।

করোনা কালেও দারুণ ব্যস্ত অভিনেতা দেব। প্রয়াগ ফিল্ম সিটিতে আপাতত ব্যস্ত কমান্ডো ছবির শুটিং নিয়ে। এছাড়াও  ‘গোলন্দাজ’ ছবিতে দেখা যাবে তাকে। কিংবদন্তি নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এর জন্য বাইচুং ভুটিয়ার কাছে ফুটবলের প্রশিক্ষণও নিয়েছিলেন বেশ কয়েকদিন। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে দেব অভিনীত ‘টনিক’। দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ও রয়েছে তাঁর মুক্তি পেতে চলা ছবির তালিকায়।