ভারতীয় দলের হয়ে খেলতে এখন অস্ট্রেলিয়ায় মোহাম্মদ সিরাজ। গত শুক্রবার তার বাবা মারা যান। তবে এরপরও দেশে ফিরেননি। জাতীয় দলের হয়ে খেলাটাকেই প্রাধান্য দিয়েছেন ২৬ বছর বয়সী মিডিয়াম ফাস্ট বোলার। এমন ত্যাগ স্বীকারের জন্য সবার প্রশংসা পেয়েছেন সিরাজ। তার লক্ষ্য আসলে বাবার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া। ভারতীয় দলে প্রতিষ্ঠিত হওয়া।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে পোস্ট হওয়া এক ভিডিও বার্তায় সিরাজ বলেন, ‘বাবা ছিলেন আমার সবচেয়ে বড় সমর্থক। বাবার মৃত্যু আমার কাছে তাই বিশাল বড় ক্ষতি। বাবা চাইতেন আমি যেন দেশের হয়ে খেলি, দেশকে গর্বিত করি। আর এখন বাবার স্বপ্ন পূরণই আমার লক্ষ্য।’
বাবার মৃত্যুর সংবাদ পেয়েও অস্ট্রেলিয়ায় থেকে যাওয়া প্রসঙ্গে বলছেন, ‘আমার বাবা এই দুনিয়ায় আর না থাকলেও আমার হৃদয়ে রয়ে গেছেন। বাবার স্বপ্নের কথা মা মনে করিয়ে দিয়েছেন। টিম ইন্ডিয়ার হয়ে যাতে ভালো খেলি, তার জন্য উৎসাহও দিয়েছেন।’
সতীর্থরা এই কঠিন সময়ে তার পাশে ছিলেন বলে জানিয়েছেন সিরাজ, ‘সতীর্থরা এই পরিস্থিতিতে পরিবারের মতোই পাশে থেকেছে। বিরাট ভাই (বিরাট কোহলি) উৎসাহ দিয়েছে আমাকে। শক্ত হতে, বাবার স্বপ্ন পূরণ করতে বলেছেন।’
ভারতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন সিরাজ।