১১টি সাংস্কৃতিক সংগঠনের বিবৃতি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংসের হুমকিদাতাদের প্রতিরোধের আহ্বান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিতব্য ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছে দেশের ১১টি সাংস্কৃতিক ফেডারেশন। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ আহ্বান জানায়।

বিবৃতিদাতা সংগঠনের মধ্যে রয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক। সৌদি আরব, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ পৃথিবীর সব মুসলিম দেশেই অসংখ্য ভাস্কর্য নির্মিত হয়েছে। কিন্তু আমাদের দেশে একটি বিশেষ মহল উদ্দেশ্যপূর্ণভাবে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের উত্তেজিত করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। এ ধরনের অপচেষ্টা বাংলাদেশ রাষ্ট্রের অসাম্প্রদায়িক চেতনা এবং গণতান্ত্রিক ভিত্তির ওপর চরম আঘাত। আমরা সব ধরনের রাজনৈতিক কৌশল পরিহার করে এ ধরনের অপতৎপরতা প্রতিরোধ করার আহ্বান জানাই।’