ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উধাও করে দিল শাকিবের মূল আইডি

এতদিন ফেসবুকে শাকিব খান সরব থাকলেও ছিলেন না ইনস্টাগ্রাম। তিনদিন আগে এই জনপ্রিয় তারকা ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট খোলেন। কিন্তু তিনদিনের মাথায় উধাও হয়ে গেল আইডিটি। জানা যায়, ইনস্টাগ্রাম আগে থেকেই শাকিবের নামে ভুয়া অ্যাকাউন্ট ছিল। সেইসব ভুয়া অ্যাকাউন্ট রিপোর্ট করে শাকিবের মূল অ্যাকাউন্টটি উধাও করে দিয়েছে।

শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, শাকিব খানের নামে আগে থেকেই প্রচুর ভুয়া অ্যাকাউন্ট ছিল ইনস্টাগ্রামে। অফিশিয়ালি যুক্ত হওয়ার পর তারা শাকিবের অ্যাকাউন্টকে ফেক (ভুয়া) দাবি করে রিপোর্ট করেছে। ফলে এখন ইনস্টাগ্রামে শাকিবের অফিশিয়াল অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না। এরই মধ্যে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইনস্টাগ্রামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।

২১ নভেম্বর মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার খবর জানিয়েছিলেন শাকিব খান। সম্প্রতি ‘নবাব এলএলবি’ সিনেমার ‘চিল করব চিল’ শিরোনামে পার্টি সংয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শাকিব লিখেছিলেন, ‘প্রথম ইনস্টাগ্রাম পোস্ট, যাত্রা শুরু।’