মাগুরায় স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণে ২ সন্দেহভাজনকে আটক

মাগুরার জাগলায় স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে যশোরের র‌্যাব-৬। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক দুই ব্যক্তি হলেন মাগুরা সদর উপজেলার ছোনপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম ও একই উপজেলার চাপড়া গ্রামের মৃত গোলাম রসুল মোল্লার ছেলে মো. আসাদ মোল্লা।

যশোর র‌্যাব-৬ এর পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্দেহভাজন দুই আসামিকে সোমবার রাতে মাগুরা সদর উপজেলার বাটিকা বাড়ি বাজার থেকে আটক করা হয়। পরে ভুক্তভোগী নারী তাদের চিহ্নিত করেছে বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, মাগুরা সদর থানা-পুলিশ সূত্র জানিয়েছে, ধর্ষণের ওই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশের হাতে হস্তাস্তর করেছে র‌্যাব। তাদের সন্দেহভাজন হিসেবে আটক রাখা হয়েছে। ভুক্তভোগীরা চিহ্নিত করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, ওই গৃহবধূ ও তার স্বামী কৃষি শ্রমিকের কাজ করতে ২০ দিন আগে ঝিনাইদহ থেকে মাগুরা সদর উপজেলার জাগলায় আসেন। নিজেদের থাকার জায়গা না থাকায় জাগলা গ্রামের মাঠে অস্থায়ী খুপরি ঘর বানিয়ে থাকছিলেন। শনিবার রাতে পাঁচজন অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে স্বামীকে একটি গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করে। এ সময় তাদের সঙ্গে থাকা পাঁচ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় না হওয়ায় তারা কারও পরিচয় জানতে পারেননি। এ কারণে রবিবার অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মাগুরা সদর থানায় ধর্ষণ মামলা করেন ওই গৃহবধূ।