নবীনগরে ইয়াবাসহ গ্রেপ্তার কৃষক লীগ নেতাকে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াবাসহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও তার বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম মজনু রানা (৪৫)। তিনি উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার বড় ভাইয়ের নাম ফয়েজ সরকার (৫০)।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার লাউর ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের কমিটি বিলুপ্ত করেছে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটি। নবীগর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক চৌধুরী তার ফেইসবুক পেজে একটি সংবাদ বিজ্ঞপ্তি পোস্ট করে বিষয়টি প্রকাশ করেন। এতে বলা হয়, ইউনিয়ন কৃষক লীগের নেতারা সংগঠনবিরোধী ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় কমিটি বিলুপ্ত করা হলো। একই বিজ্ঞপ্তিতে ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মজনু সরকারকে দলীয় সব পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। গত সোমবার সন্ধ্যায় লাউর ফতেপুর থেকে ১০টি ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী জানায়, কিছুদিন আগে মজনু রানাকে জড়িয়ে মাদক বিক্রির একটি আলোচিত ঘটনার ভিডিও এলাকায় ভাইরাল হলে এ নিয়ে তোলপাড় হয়।

নবীনগর থানার ওসি আমিনুর রশীদ বলেন, গ্রেপ্তার দুজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।