গাজীপুরে গৃহবধূ হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা। গত সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী পূর্বপাড়া কোনাপাড়া এলাকার মোকসেদ আলী (৪২) ও জাহাঙ্গীর হোসেন (৩৮)।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক এসএম শাকিল হাসান জানান, ২০১৮ সালের ১৩ ডিসেম্বর মহানগরীর সদর থানার পোড়াবাড়ী পূর্বপাড়া (কোনাপাড়া) এলাকার জাকির হোসেনের পুকুরপাড়ে কাদার মধ্যে মাটিচাপা অবস্থায় অজ্ঞাতপরিচয়ের এক নারীর (৩২) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৫ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা করে। পরে নিহত ওই নারীর নাম শিখা আক্তার বলে পুলিশ নিশ্চিত করে। তার বাড়ি কাপাসিয়ার আড়াল গ্রামে। তার স্বামী আল-আমিন দুবাই প্রবাসী। শিখা নগরীর ইপসা গেট এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পরে মামলাটি গাজীপুর পিবিআই তদন্তের দায়িত্ব পায়।