সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গোপন বৈঠকের কথা অস্বীকার করেছে সৌদি কর্র্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ গতকাল মঙ্গলবার একই টুইট বার্তায় বৈঠকের কথা অস্বীকার করেন বলে খবর দিয়েছে বিবিসি। তিনি বলেন, ‘এমন কোনো বৈঠক হয়নি। বৈঠকটি শুধু মাইক পম্পেও এবং মোহাম্মদ বিন সালমানের মধ্যে হয়েছে। সেখানে ইসরায়েলের কেউ ছিলেন না।’ তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নেতানিয়াহু।
বার্তা সংস্থা এএফপি বলছে, সৌদি আরবের নিওম সিটিতে গত রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সৌদি যুবরাজের মধ্যে গোপন বৈঠক হয়। এতে সম্পর্ক স্বাভাবিক, ইরানসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। কিন্তু তারা কোনো চুক্তি করেননি।
ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তি চুক্তি করেছে। সৌদি আরব এ উদ্যোগকে স্বাগত জানালেও ইসরায়েলের সঙ্গে নিজেদের সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। তারা বলেছে, আগে তারা ইসরায়েল-ফিলিস্তিন পূর্ণ শান্তি চুক্তি দেখতে চায়।