বায়ো বাবল বলয়ে থেকে ক্রিকেট খেলাটা মোটেও উপভোগ করছেন না দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। তার কাছে এটি কারাগারে বন্দী জীবনের মতো।
করোনাকালে যে কোনো টুর্নামেন্টই কোভিড প্রোটোকল মেনে বায়ো বাবল বলয়ে থেকে খেলতে হচ্ছে খেলোয়াড়দের। এ ক্ষেত্রে ছাড় পাচ্ছেন না কেউ। এই বায়ো বাবলে থাকা যে একেবারেই সহজ নয়, তা বারবার সামনে এসেছে। অনেকে অকপটে বলেছেন এতে হতে পারে মানসিক সমস্যাও।
এবার সেই সুরে সুর মেলালেন প্রোটিয়া পেসার রাবাদা। সবসময় নজরদারির মধ্যে থাকতে একেবারেই ভাল লাগছে না তার।
দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে দুবাইতে গিয়ে ১১ সপ্তাহ বায়ো বাবলে ছিলেন। বায়ো বাবলে থাকাকে তিনি কারাগার হিসেবে আখ্যা দিয়েছেন। এখানেই থেমে থাকেননি, দ্রুতই এই পরিস্থিতি থেকে মুক্তি চেয়েছেন তিনি।
সামনেই দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। সেইসব সিরিজে দীর্ঘদিন বায়ো বাবলে থেকে খেলতে হবে।
রাবাদা বলেন, ‘বায়ো বাবলে থাকাটা কঠিন। আমার মনে হয় স্বাধীনতা নষ্ট হয়। আমি কারাগারই বলব। সুরক্ষার জন্য আমাদের এই নিয়ম মেনে চলতে হচ্ছে। কবে যে এর থেকে মুক্তি মিলবে জানি না।’