সংক্ষিপ্ত তালিকায় সব পরিচিত মুখ

ফিফা দ্য বেস্ট ২০২০ পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রত্যাশিতভাবেই তালিকার ১১ জনের সবাই পরিচিত। রবার্ট লেভানদোস্কি, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, মোহামেদ সালাহ সবাই আছেন। এবার মেসিকে সরিয়ে এই শ্রেষ্ঠত্ব পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে লেভানদোস্কি। ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখকে সর্বজয়ী করতে দারুণ ভূমিকা রেখেছেন পোল্যান্ডের এই স্ট্রাইকার। একই মৌসুমে দারুণ খেলা তার সাবেক সতীর্থ থিয়াগো আলকানতারাও আছেন এই তালিকায়। লিভারপুলের সবচেয়ে বেশি তিনজন আছেন সংক্ষিপ্ত তালিকায়। মিসরের মোহামেদ সালাহর পাশাপাশি ক্যামেরুনের সাদিও মানে ও গতবারের ইউরোপ সেরা নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক। এছাড়া ম্যানচেস্টার সিটির বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনে, ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ও  পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার আছেন। রিয়াল মাদ্রিদ থেকে একাই এ তালিকায় নাম তুলেছেন স্প্যানিশ অধিনায়ক সার্জিও রামোস।