জবির কাছে সেনাবাহিনীর প্রজেক্টর হস্তান্তর

ঐহিত্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ফিল্ম ও টেলিভিশন বিভাগের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি পুরনো ও ঐহিত্যবাহী ৩৫ মিমি প্রজেক্টর হস্তান্তর করা হয়েছে। ঢাকা সেনানিবাসের ‘সৈনিক ক্লাব’ সিনেমা হলে গতকাল বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমদের পক্ষ থেকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান জবি প্রতিনিধিদলের কাছে প্রজেক্টরটি হস্তান্তর করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জবি উপাচার্যের পক্ষে প্রতিনিধিদলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এস এম আনোয়ারা বেগম, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ ওহিদুজ্জামান এবং ফিল্ম ও টেলিভিশন অনুষদের চেয়ারম্যান প্রফেসর জুনায়েদ হালিম উপস্থিত ছিলেন। জবির ফিল্ম ও টেলিভিশন বিভাগের শিক্ষা কার্যক্রমে প্রজেক্টরটি সহায়ক ভূমিকা রাখবে বলে জবির প্রতিনিধিদল মত প্রকাশ করে।