রায়পুরায় স্কুলছাত্রী ধর্ষণ: উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণের ঘটনার ৩৬ দিন পর শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ছয় মাস আগে ওই স্কুলছাত্রীর সঙ্গে শাকিলের পরিচয় হয়। তারপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে বিয়ের কথা বলে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে ডেকে আনা হয়। তারপর কাজী ডেকে বিয়ের করার কথা বলে বসিয়ে রাখা হয়। পরে রাতে এনার্জি ড্রিংকসের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাইয়ে তাকে ধর্ষণ করে শাকিল।

স্কুলছাত্রী তখন বাঁচার জন্য চিৎকার দিলে মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে একটি রুমে আটক করে রাখা হয়। ঘটনা জানাজানি হলে ঘটনাস্থল ত্যাগ করেন শাকিল। পরে পুলিশ এসে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানা নিয়ে আসেন।

এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাদী হয়ে ২৩ অক্টোবর রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শাকিলকে আসামি করে মামলা দায়ের করেন।

পরে শাকিলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রলীগ সভাপতির পদ থেকে বহিষ্কার করে নরসিংদী জেলা ছাত্রলীগ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, আসামি শাকিল ভৈরবে মামলার বাদীর সঙ্গে আপস মীমাংসার জন্য বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।