বুড়িচংয়ে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় দ্রুতগামী কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বেলা আড়াইটায় উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল হক সজল ওরফে বঙ্গভাই সজল (২৮) ও বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (২৭)।

সজল কুমিল্লা মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে তিনজন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা যাচ্ছিল। তারা কালাকচুয়া কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কাভার্ডভ্যানের চাপায় তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি সাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।