ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে আটকে পড়া একটি বাংলাদেশি জাহাজ ঘিরে স্থানীয়দের তুমুল আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সেই অক্টোবর থেকে টেনেটি পার্কের কাছে ‘এমভি মা’ জাহাজটি আটকা আছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, প্রতিদিন শতশত মানুষ জাহাজটি দেখতে আসছেন। পরিস্থিতি দেখে বিশাখাপত্তম প্রশাসন জাহাজটিকে ভাসমান রেস্টুরেন্টে রূপান্তরিত করতে চাইছে।
৩ হাজার টনের জাহাজটি পণ্য নামাতে গিয়ে ঝড়ের কবলে পড়ে। বঙ্গোপসাগরের অবস্থা খারাপ থাকায় আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এরপর আরও জটিলতা সৃষ্টি হওয়ায় মালিকপক্ষ আর আনতেও পারছে না।
বিশাখাপত্তমের ডিস্ট্রিক্ট কালেক্টর শ্রী ভি বিনয় চাঁদ শুক্রবার এএনআইকে বলেন, ‘জাহাজের জ্বালানি পুরোপুরি সরানো হয়েছে। অন্য ছাড়পত্র পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। রাজ্য সরকার জাহাজটি পর্যটন প্রজেক্ট হিসেবে নিয়ে নেবে।’
আরও পড়ুন: আন্দামানের রহস্যময় দ্বীপে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যাওয়া জাহাজ!
বিনয় চাঁদের দাবি, তারা মালিকপক্ষের থেকে মৌখিক অনুমতি পেয়েছেন। এখন আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায় আছেন।
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস নামের আরেকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, যে স্থানে জাহাজটি আটক পড়েছে সেখানে প্রচুর মানুষ ভিড় করছেন। স্থানীয়সহ পর্যটকদের সামলাতে পুলিশ হিমশিম খাচ্ছে।