সৌদি আরবের সড়কে ঝরল ৩ বাংলাদেশির প্রাণ

সৌদি আরবের তায়েফ তুরাবায়ে দুইটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিলেটের তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আবদুল খালিকের ছেলে মাসুক আহমদ (৩৫), একই গ্রামের নুর আহমদের ছেলে আবদুস শুকুর (৩২) ও জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের সিরাজ উদ্দিন (৩৮)।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে তায়েফ তুরাবায়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাটের বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)।

সাতবাঁক ইউপি সদস্য আবদুন নুর নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সৌদি আরব সময় সকাল ৮টার দিকেতাএরা মাইক্রোবাসযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে অপর একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়। তাদের মৃত্যুর খবরে পরিবারগুলোতে শোকের মাতম চলছে।