নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ফেনসিডিল, অস্ত্র ও গুলিসহ মো. সোহেল মীর (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
শুক্রবার রাতে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সোহেল ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জঙ্গলপাশা গ্রামের সোনা মীরের ছেলে।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, এদিন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল বাজার কলেজ মোড় সংলগ্ন রহমতউল্লাহ খান মনিরের বন্ধ কনফেকশনারি দোকানে অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। র্যাব ধাওয়া করে অস্ত্র ও মাদক ব্যবসায়ী মো. সোহেল মীরকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, এক হাজার ৪৭০ পিস ইয়াবা ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানায় সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে দুর্গাপুর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।