যথারীতি বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে আজ দুই বেলায় দুই খেলা। কিন্তু আজকের ম্যাচ দুটি নিশ্চিত ভাবে উত্তাপ ছড়াবে। দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে জেমকন খুলনা। সন্ধ্যা সাড়ে ৬টার খেলায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী।
সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা এবারের আসরের সবচেয়ে ফেভারিট। জায়ান্ট টিম বলতে পারেন। কিন্তু তাদের খেলায় এখনো তার প্রকাশ নেই। এমনকি সাকিবের সঙ্গে মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ অধিনায়কের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন আছে। দুই ম্যাচ বাদে সাকিব ঠিকঠাক আছেন বলা যাচ্ছে না। তবে এক বছরের দীর্ঘ অনুপস্থিতির পর জড়তা নিশ্চিতভাবে কমছে। প্রচণ্ড ধী-সম্পন্ন বিশ্বের সেরা এই অলরাউন্ডার আগেও একটু সময় চেয়েছিলেন নিজেতে ফিরতে। সেই সময়টা নিচ্ছেন।
প্রথম ম্যাচটায় আরিফুল হকের বীরত্বে জিতে গেল হারা ম্যাচ। তামিম ইকবালের ফরচুন বাংলাদেশকে হারিয়েছিল রোমাঞ্চকর জয়ে। তামিমরা তা ভোলেননি। তবে তাদের প্রতিপক্ষ তো আজ আর খুলনা নয়, চট্টগ্রাম। এই চট্টগ্রাম প্রথম ম্যাচে মুশফিকুর রহিমদের বেক্সিমকো ঢাকাকে স্রেফ উড়িয়ে দিল। পরশু রাতে নিজেদের শক্তির আরও বড় একটা পরীক্ষা তারা দিয়ে ছাড়ল। বেক্সিমকোর সঙ্গে ম্যাচে ১৭ ওভারের মধ্যে তাদের বোলাররা যা করার করে দিয়েছেন। ৮৮ রানে অলআউট হওয়ার লজ্জা মুশফিকদের। এখন পর্যন্ত এই আসরের সর্বনিম্ন রান। যে সংগ্রহ টপকে যেতে মাত্র ৬৫ বল লেগেছে চট্টগ্রামের।
২৪ তারিখ শুরু পাঁচ দলের টুর্নামেন্টে আজ চট্টগ্রামের সঙ্গে বিশেষ সতর্কতার সঙ্গে খেলা ছাড়া উপায় নেই খুলনার। যদিও ধারে-ভারে তারা ভয়ংকর। তবুও। কারণ এখন পর্যন্ত খেলা ২ ম্যাচের একটি জিতেছে। একটি হেরেছে। সেই হারাটাও ভালো না। পরশু রাজশাহী তাদের উড়িয়ে দিয়েছে।
মিনিস্টার গ্রুপ রাজশাহীর আত্মবিশ্বাস তুঙ্গে। ২টি করে যারা এখন পর্যন্ত খেলেছে তাদের মধ্যে কেবল তাদের জয় শতভাগ। তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপের পর নেতৃত্বে এখানেও তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত। আর যেভাবে তার দল খেলেছে এখন পর্যন্ত তাতে তামিমের অপেক্ষাকৃত দুর্বল বরিশালের খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছুও বুঝি নেই। যদিও দিনশেষে খেলাটা ক্রিকেট।