ডিজিটাল বাংলাদেশ এখন কোনো রূপকথা নয়, প্রধানমন্ত্রী এই অসম্ভবকে সম্ভব করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন দেশের ১৭ কোটি মানুষের। ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেন। তখন বাংলাদেশ ছিল একটা নি¤œ আয়ের দরিদ্র দেশ। কিন্তু লক্ষ্য ছিল ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি হবে প্রযুক্তিনির্ভর। তখন অনেকেই বিশ্বাস করতে পারেননি। মাত্র ১৩ বছরে একটা দেশকে এভাবে পরিবর্তন করার নজির বিশ্বের ইতিহাসে নেই। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত।’ ডিজিটাল বাংলাদেশের ১২ বছর উপলক্ষে সভা-সেমিনার, টকশো, কুইজ, চিত্রাঙ্কন, রচনা, বক্তৃতা, নাটকসহ নানা আয়োজন করা হবে।