আলোচনা সভায় ডা. শাহাদাত

দেশের গণতন্ত্র গভীর খাদের কিনারে

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘স্বৈরাচারী শাসনের শৃঙ্খল থেকে দেশের গণতন্ত্রকে উদ্ধার করতে গিয়েই শহীদ হয়েছেন ডা. শামসুল আলম মিলন। কিন্তু বর্তমানে দেশের গণতন্ত্র গভীর খাদের কিনারে। ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় দুঃশাসনে গিলে ফেলা হয়েছে বহুদলীয় গণতন্ত্রের পথচলা। বর্তমান সরকার এরশাদের চেয়ে বড় স্বৈরাচারী।’ গতকাল শুক্রবার বিকেলে ডা. মিলনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সহসভাপতি এমএ আজিজ, হারুন জামান, ইকবাল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম প্রমুখ।