ফ্রান্সে কৃষ্ণাঙ্গকে মারধর, বরখাস্ত ৩ পুলিশ কর্মকর্তা

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে কৃষ্ণাঙ্গ এক সংগীত প্রযোজককে পুলিশের মারধরের ভিডিও দেখার পর কর্র্তৃপক্ষ ঘটনার সঙ্গে জড়িত তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে।

গত ২১ নভেম্বরের ওই মারধরের ঘটনা ফ্রান্সজুড়ে নিরাপত্তা বাহিনীর আচরণ ও কর্মকান্ড নিয়ে নতুন করে ক্ষোভের সঞ্চার করেছে বলে খবর দিয়েছে বিবিসি।

প্যারিসে একটি অস্থায়ী অভিবাসন শিবির ভেঙে ফেলায় গত সোমবার পুলিশের বিরুদ্ধে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগেরও অভিযোগ উঠেছে।

পুলিশের মারধরে আহত ওই সংগীত প্রযোজকের নাম মাইকেল। সিকিউরিটি ক্যামেরার ওই ভিডিওতে তাকে পুলিশের ওই কর্মকর্তাদের লাথি ও ঘুসি মারতে দেখা যায়। মাইকেলের দাবি, ‘কেবল মারধরই নয়, তিনি বর্ণবৈষম্যেরও শিকার হয়েছিলেন।’ তিনি আরও বলেন, ‘যাদের আমাকে রক্ষা করার কথা, তারাই হামলা করেছে। আমি প্রচলিত আইনে এ তিনজনের শাস্তি চাই।’

এ ঘটনার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। এক টুইটে তিনি বলেন, ‘অসহনীয় ভিডিও, অগ্রহণযোগ্য সহিংসতা। বর্ণবাদকে না বলুন।’ প্যারিসের মেয়র অ্যান হিদেলগো পুলিশ কর্মকর্তাদের এ ধরনের অগ্রহণযোগ্য কর্মকান্ডে পুরোপুরি বিস্মিত বলে জানিয়েছেন।