রাজধানীর মালিবাগে একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আসিফ হোসেন (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ৩৮নং সিদ্ধেশ্বরীর বাসায় বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে ওর বাসার নিচ তলার রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়।
এসআই জানান, গত রাতে যেকোনো সময় তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এই ঘটনা ঘটিয়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এদিকে আসিফের ফুপাতো ভাই শহিদুল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার পূর্ব সাকুচিয়া গ্রামে। আসিফের বাবার নাম হায়াত আলী। আসিফ শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটির উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। এক ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।
তিনি জানান, রাতে খাবার খেয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন আসিফ। সকালে তার বাবা তাকে ডাকতে গেলে তিনি দরজা খোলেন না। কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।