নাটোরের গুরুদাসপুরে মুন্নি (১৪) নামে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মিরাজ (১৮) নামে অভিযুক্তকারীকে আটক করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর পশ্চিম পাড়ার আদর্শ পাড়ার গার্মেন্টস কর্মী মমিন উদ্দিন ও তার স্ত্রী মিলিনা ঢাকায় থাকেন।
তাদের দুই মেয়ে মুন্নি আর মিমকে গ্রামে তার বিধবা মাতা ফুলজান বেগমের কাছেই রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে দিকে ওই প্রতিবন্ধী কিশোরীকে ঘরে তালাবদ্ধ করে রেখে ছোট নাতনি মিমকে নিয়ে পার্শ্ববর্তী নাজিরপুর বাজারে কেনাকাটা করতে যান।
বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী মন্তাজ মৃধার ছেলে মিরাজ ঘরের তালা ভেঙে ওই শিশুটিকে ধর্ষণ করে।
ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে গেলে মিরাজ দৌড়ে পালায়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত ধর্ষণকারীকে আটক করা হয়েছে। তাকে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।