চট্টগ্রামের বন্দর থানার সামনে রাস্তার পাশে কাগজের একটি কার্টন থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে বন্দর থানার ৫০ গজ সামনে নিমতলা-বিশ্বরোডের পাশ থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
নগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অলোক বিশ্বাস বলেন, বিকালে কয়েকজন ছিন্নমূল শিশু থানার উল্টো পাশে রাস্তার ধারে কাগজ কুড়াতে যায়। সেখানে তারা একটি কার্টনের ভেতরে দুই নবজাতককে দেখতে পায়।
তিনি বলেন, ওই শিশুরা পুলিশকে বিষয়টি জানালে, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা অলোক বিশ্বাস বলেন, রাস্তার পাশের ওই জায়গাটি নিচু ও জলাবদ্ধ থাকে। সেখানে কেউ তাদের ফেলে গেছে।
এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।