নাটোরের গুরুদাসপুরে বাক ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে মিরাজ (১৮) নামে প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ। কিশোরীর স্বজনদের দাবি, গত বৃহস্পতিবার দুপুরে তালা ভেঙে ঘরে প্রবেশের পর কিশোরীকে ধর্ষণ করে মিরাজ।
স্বজনরা আরও জানান, ভুক্তভোগী কিশোরীর বাবা-মা দু’জনই ঢাকায় পোশাককর্মীর কাজ করেন। সেই সুবাদে গ্রামের বাড়িতে দাদি ফুলজান বেগমের কাছেই থাকে ওই কিশোরী ও তার ছোটবোন। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীকে তালাবদ্ধ অবস্থায় ঘরে আটকে রেখে বাজার করতে যান তার দাদি। বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশের পর কিশোরীকে ধর্ষণ করে প্রতিবেশী মন্তাজ মৃধার ছেলে মিরাজ। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে আশপাশের মানুষ এগিয়ে এলে পালিয়ে যায় মিরাজ।
গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করেন কিশোরীর দাদি। এর পরপরই মিরাজকে আটক করে পুলিশ।