আঙুলের চোটে ছিটকে গেলেন মুমিনুল

দুর্ভাগাই বলতে হবে মুমিনুল হককে। কিছুদিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলাটাও অনিশ্চয়তার মুখে পড়ে যায় তাতে। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে আসর শুরুর আগেই সেরে ওঠেন। কিন্তু মাত্র দুই ম্যাচ খেলেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ হয়ে গেল এই টপ অর্ডার ব্যাটসম্যানের।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক আঙুলে চোট পেয়েছেন। যে চোটই ছিটকে দিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রামের এই ক্রিকেটারকে। টুর্নামেন্টে চট্টগ্রামের ৯ উইকেটের দুই জয়ে ৮ ও ৫ রানে অপরাজিত ছিলেন মুমিনুল।

বাঁহাতি ব্যাটার মুমিনুল শনিবার জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান। পরে অবশ্য ব্যাটিংও করেন। কিন্তু পরে ব্যথা বেড়ে গেলে স্ক্যান করান। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী যা দেখে মুমিনুলকে বলেছেন তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে।

এদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ১৮ ডিসেম্বর। অর্থাৎ মুমিনুলের জন্য এই আসর শেষ বলেই ধরে নেওয়া যায়।