সুন্দরবনে দেখা মিলল ইউরোপের গ্রেট ক্রেস্টেড গ্রিবের

সুন্দরবনের বুকে প্রথমবারের মতো দেখতে পাওয়া গেল গ্রেট ক্রেস্টেড গ্রিব। সাধারণত ইউরোপের উত্তরে ইংল্যান্ডের আশপাশেই এই পাখির প্রজনন অঞ্চল। এছাড়া মধ্যপ্রাচ্যে এবং কাশ্মীরের লাদাখ উপত্যকায়ও দেখা যায় এই পাখিদের।

সুন্দরবনে গ্রিবের দেখা পাওয়া বেশ আশ্চর্যের ঘটনা। অনেকটা হাঁসের মতো দেখতে গ্রেট ক্রেস্টেড গ্রিবকে অনেকে বালিহাঁস ভেবে ভুল করে থাকেন।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জীবনবিজ্ঞান বিভাগের অধ্যাপক শৌর্যদীপ মুখার্জির ক্যামেরায় ধরা পরে সুন্দরবনে পানিতে ভাসমান গ্রেট ক্রেস্টেড গ্রিব।

তিনি ক্যাপ্টেন সুজিত রাপতানের নেতৃত্বে ১০ সদস্যের দলের সদস্য হয়ে সুন্দরবন যান রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে গবেষণার জন্য। গত ২৪ নভেম্বর দুপুরের দিকে শৌর্যদীপ মুখার্জি সুন্দরবনের নদীখাত দিয়ে ঘুরছিলেন। ঠিক এই সময়েই পানির মধ্যে দেখতে পান হাঁসের মতো প্রাণী। অভিযাত্রীরা প্রথমে অবশ্য বালিহাঁস বলেই মনে করেছিলেন। তবে ক্যামেরাবন্দী ছবি পরে দেখতে গিয়ে অবাক হয়ে লক্ষ করলেন এগুলো আসলে ইউরোপের গ্রেট ক্রেস্টেড গ্রিব।

কলকাতার এনজিও ‘অনুভব, এক্সপিডিশন ফর আ বেটার টুমরো’-র সদস্য নীলাঞ্জন রায়চৌধুরী বলেন, এর আগে উত্তরবঙ্গে গ্রিবের দেখা মিলেছে। সুন্দরবনেও গ্রিব দেখা গিয়েছে বলে শোনা গিয়েছিল। কিন্তু তার কোনো প্রমাণ ছিল না।

কেন নিজের বাসস্থান ছেড়ে এত দূর এসে পড়েছে পাখিটি, তার কোনো ব্যাখ্যা জানা যায়নি। তাছাড়া বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও অবাক করে।

সূত্র: প্রহর ইন।