জখমের চিহ্নসহ রাজধানীতে নারীর দগ্ধ লাশ উদ্ধার

রাজধানীর কাফরুলে এক নারীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে জখমের চিহ্নও ছিল। 

পুলিশ জানায়, রবিবার দুপুরে বাইশটা টেকি ইমামনগরের একটি ভবনের সাত তলার একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সীমা বেগম (৩৩) স্বামী শাহজাহান ও সৎ ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন।

মিরপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার আসম মাহতাব উদ্দিন জানান, ওই ঘটনায় স্বামী ও সৎ ছেলেসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, নিহতের শরীর পোড়া। এ ছাড়া জখমের চিহ্ন রয়েছে। সেটা ধারালো কোনো অস্ত্রের আঘাত কিনা বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।