কঙ্গোতে বিমানবাহিনীর নতুন কন্টিনজেন্ট প্রতিস্থাপন হচ্ছে

বাংলাদেশ বিমানবাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৩জন মহিলা কর্মকর্তাসহ ৩২০ সদস্যের কন্টিনজেন্ট এর প্রতিস্থাপন শুরু করতে যাচ্ছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত রবিবার বিমানবাহিনী ঘাঁটি বাশার-এ কঙ্গোগামী ব্যানএয়ার এর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।

তিনি করোনাভাইরাসের বিস্তার রোধ এবং এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অনুসরণের পরামর্শ দেন। শেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসারগণ এবং সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরও জানায়, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমানবাহিনীর ৩টি কন্টিনজেন্টে (ইউটিলিটি অ্যাভিয়েশন ইউনিট, এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) সর্বমোট ৩২০ জন বিমানবাহিনীর সদস্যসহ ১টি সি-১৩০বি পরিবহন বিমান, ৬টি এমআই-১৭ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট মোতায়েন রয়েছে।