কিশোরগঞ্জে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও মেয়ে দগ্ধ হয়েছেন। গতকাল রবিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার প্রবাসী সাইদুর রহমানের স্ত্রী লতিফা বেগম (৪৫) ও তার মেয়ে লিমা (২০)। প্রত্যক্ষদর্শীদের ধারণা, সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, অসুস্থ থাকায় মা ও দুই মেয়েকে নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে কটিয়াদী থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন লতিফা। হাসপাতালের সামনে পৌঁছার পর হঠাৎ করেই গ্যাস লিক হয়ে অটোরিকশাটিতে আগুন ধরে যায়। এ সময় অটোরিকশাচালক দৌড়ে পালিয়ে যায়। কিন্তু ভেতরে থাকা একই পরিবারের চার সদস্যের মধ্যে লতিফা ও তার মেয়ে অগ্নিদগ্ধ হন। অগ্নিকাণ্ডে তাদের সঙ্গে থাকা কাগজপত্র ও ১৫ হাজার টাকা পুড়ে গেছে বলে দাবি করেন দগ্ধ লিমা। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও এর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ওই মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।