চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বাতিল

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঙ্গের ঢাকা সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। চলতি সপ্তাহে তার ঢাকা সফরে আসার কথা ছিল।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পরবর্তীতে পরস্পর সুবিধাজনক কোনো এক সময়ে এই সফরটি হবে। চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বাতিল করা অস্বাভাবিক কিছু নয়। এটি হতেই পারে।

কাঠমান্ডু পোস্টেরে এক প্রতিবেদন থেকে জানা যায়, রবিবার নেপালে সফরে গিয়েছেন জেনারেল উই ফেঙ্গ। ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সফরের দুই দিন পরেই অর্থাৎ রোববার সেখানে সফরে যান চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঙ্গ।

সূত্রের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল সফর শেষে বাংলাদেশ ও পাকিস্তান সফরে যাবেন জেনারেল উই ফেঙ্গ।

তবে, নেপাল সফরের পরপরই জেনারেল উই ফেঙ্গের ঢাকা সফরে আসার বিষয়টি নিশ্চিত ছিল না বলেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের করোনায় আক্রান্ত। তবে তাদের করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে জেনারেল উই ফেঙ্গের সফর বাতিলের কোনো সম্পর্ক আছে কিনা, তা জানেন না বলে জোনিয়েছেন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।